মাধবকুণ্ডে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র জসিম শেখের (১৭) লাশ আজ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।
জসিম রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় দ্বাদশ শ্রেণীতে পড়তেন। তাঁর বাড়ি গাজীপুরের টঙ্গীতে। বাবার নাম মো. আশেক শেখ।
বড়লেখা থানার পুলিশ জানায়, ঈদের ছুটিতে জসিম ও তাঁর ১৩ জন সহপাঠী মাইক্রোবাসে করে মাধবকুণ্ডে বেড়াতে যান। গতকাল রোববার দুপুরের দিকে তাঁরা সেখানে পৌঁছান। বেলা তিনটার দিকে তাঁদের কয়েকজন জলপ্রপাতের নিচে পানিতে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে জসিম পানিতে ডুবে যান। সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক দফা চেষ্টা চালিয়ে আজ সকাল সোয়া নয়টার দিকে জসিমের লাশ উদ্ধার করে। খবর পেয়ে গতকাল রাতে জসিমের স্বজনেরা বড়লেখায় যান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ লাশ উদ্ধার করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগ
মাধবকুণ্ডে প্রায় ২০০ ফুট উচ্চতার খাড়া পাহাড় বেয়ে নিচের যে স্থানে পানি গড়িয়ে পড়ে, সে জায়গাটি বেশ গভীর। এর নিচে বড় বড় অনেক পাথর রয়েছে। এর আগেও সেখানে সাঁতার কাটতে নেমে কয়েকজন পর্যটক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।
বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, ‘নিচের বিপজ্জনক জায়গায় স্টিল বা লোহার একটি স্থায়ী নিরাপত্তা বেষ্টনী স্থাপনের জন্য মাধবকুণ্ড জলপ্রপাত দেখাশোনার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তাদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা সেটা করেননি।’ বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।
এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বন বিভাগের জুড়ী-২ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিপজ্জনক জায়গার কাছাকাছি না যেতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া এর পাশে একটি সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। কিন্তু উঠতি বয়সী পর্যটকেরা তা না মেনে বেড়া পার হয়ে বিপজ্জনক জায়গায় সাঁতার কাটতে নেমে দুর্ঘটনায় পড়েন। নিরাপত্তা বেষ্টনী দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’