মাধবকুণ্ডে পর্যটক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনের মৌসুম এখন। এই সময়ে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু টানা অবরোধ ও হরতালে সেই পর্যটনকেন্দ্র এখন একেবারে জনশূন্য।
ইজারাদার ও স্থানীয় সূত্র জানায়, মৌসুমের এই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো পর্যটকের উপস্থিতিতে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা সরগরম থাকে। মৌলভীবাজার-বড়লেখা সড়কের কাঁঠালতলী থেকে মাধবকুণ্ড পর্যন্ত আট কিলোমিটার রাস্তায় লেগে থাকে ছোট-বড় যানবাহনের ভিড়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কম-বেশি এই অবস্থা চলে। তবে সবচেয়ে বেশি পর্যটক আসেন জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই।
মাধবকুণ্ড ইকোপার্কের ইজারাদার কামাল হোসেন বলেন, গত ডিসেম্বরে প্রায় দুই লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। জানুয়ারিতে সাধারণত ডিসেম্বরের চেয়ে তিন গুণ বেশি টিকিট বিক্রি হওয়ার কথা। কিন্তু এবার জানুয়ারিতে টানা অবরোধ ও হরতালে একেবারেই পর্যটক নেই। গত শুক্র ও শনিবার প্রতিদিন গড়ে ১ হাজার ৬০০ টাকার টিকিট বিক্রি হয়েছে। সপ্তাহের অন্য দিনগুলোতে টিকিট বিক্রি হয়েছে আরও কম।
ইজারাদার আরও বলেন, এবারের জানুয়ারি মাসের টিকিট বিক্রির টাকা থেকে কর্মচারীর বেতন ও অন্য খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। অথচ প্রতিবছর জানুয়ারিতে অন্তত ছয় লাখ টাকার টিকিট বিক্রি হয়। এই জানুয়ারি মাসেই ইজারাদার সারা বছরের লাভ করে নেন।
বন বিভাগের মাধবছড়া বিট (মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার) কর্মকর্তা এমরান আলী গত সোমবার বলেন, ‘এখনই তো পর্যটনের মৌসুম। কিন্তু এবার পর্যটক নাই বললেই চলে।’