মাধবকুণ্ডে পর্যটকদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোঁ শোঁ গতিতে পাথুরে পাহাড়ের চূড়া থেকে নিচে জলধারা গড়িয়ে পড়ছে। চারপাশে গোল হয়ে পর্যটকেরা প্রকৃতির নয়নাভিরাম সেই দৃশ্য উপভোগ করছেন। সবাই হই-হুল্লোড়ে মেতে উঠেছেন। নতুন বছরের প্রথম দিনে গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতের দৃশ্য এটি।গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মাধবকুণ্ডে পর্যটকদের ঢল নেমেছে। বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত কার এমনকি ট্রাকে করেও পর্যটকেরা এসেছেন।ঢাকার নারিন্দা থেকে সপরিবারে আসা গৃহিণী তাবাসসুম বলেন, ‘বছরের প্রথম সকালটা মাধবকুণ্ডে কাটাতে ভোররাতেই রওনা দিয়েছি। সকাল সাতটার আগেই পৌঁছে গেছি। ভীষণ ভালো লেগেছে। পাশের আদিবাসী খাসিয়াপল্লিও ঘুরে বেড়িয়েছি।’ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পাপড়ি বলেন, ‘মাধবকুণ্ডের প্রবেশপথের বেশ কিছু জায়গা খানাখন্দে ভরা। রাস্তাটি ছোটও। এটিকে সংস্কার ও প্রশস্ত করা জরুরি দরকার।’পাবনার ঈশ্বরদীর আনোয়ার হোসেন বলেন, ‘মাধবকুণ্ডের সঙ্গে পরীকুণ্ডটাও (মাধবকুণ্ডের পাশে আকারে ছোট আরেকটি জলপ্রপাত) দেখলাম। অনেকে এটা চেনে না। আর ওই জায়গাটা ঝোপঝাড়ে ঘেরা। পাহাড়ি ছড়া পার হয়ে যেতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সেটাও (পরীকুণ্ড) দর্শনীয় স্থান হতো।’জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে ওপরের দিকে লাঠি তাক করে হুইসেল বাজাচ্ছিলেন পাহারাদার মর্তুজা উদ্দিন। তিনি জানান, জলপ্রপাতের ঠিক নিচে নেমে গোসল বা সাঁতার কাটা আর চূড়ায় ওঠা নিষেধ। ওই দুটি স্থান কর্তৃপক্ষ ‘বিপজ্জনক’ ঘোষণা করে সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে রেখেছে। কিন্তু উঠতি বয়সী ছেলেমেয়েরা সেটা মানে না। নিচে গোসল করতে না নামলেও লুকিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে তারা ২০০ ফুট উঁচুতে চূড়ায় উঠে যায়। তিনি জানান, এর আগে ‘বিপজ্জনক’ দুটি স্থানে দুর্ঘটনার শিকার হয়ে ১৯ জন পর্যটকের মৃত্যু ঘটে।মাধবকুণ্ড জলপ্রপাত দেখাশোনার দায়িত্বে থাকা বন বিভাগের জুড়ী-২ রেঞ্জের মাধবছড়া বিটের কর্মকর্তা মনিরুল ইসলামের ভাষ্যমতে, মাধবকুণ্ডে গতকাল বিকেল পর্যন্ত প্রায় ৩০ হাজার পর্যটকের সমাগম ঘটে। তিনি জানান, দুই কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে জলপ্রপাত এলাকায় কিছু উন্নয়নকাজ চলছে। এতে জলপ্রপাতের মূল ফটক থেকে পানি পড়ার স্থান পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা, পাকা বেঞ্চ ও নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে। পরীকুণ্ডের উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে বলে তিনি জানান।