মাধবকুণ্ডে পর্যটকের ঢল, নতুন আকর্ষণ নিকলী
পরিচিত পর্যটন এলাকা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ডে এবারও পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের এ সময়ে মাধবকুণ্ডের জলপ্রপাত ঘিরে মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। এদিকে হাওর এলাকা নিকলী তার অতীতের পরিচয় ভেঙে ক্রমশ ভ্রমণপ্রিয় মানুষের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে। এখানকার উন্মুক্ত বাতাস, সবুজ প্রকৃতি আর অনেকটা অজানা ঐতিহাসিক নিদর্শন শহরের ক্লান্ত মানুষকে কাছে টেনে নিচ্ছে।
মাধবকুণ্ড বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস এবং বাস বোঝাই করে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে ভিড় করছেন ভ্রমণপ্রিয় মানুষেরা। লোকে লোকারণ্য মাধবকুণ্ড ইকোপার্ক এলাকা। এদিকে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক সংস্কারের কাজ চলায় যানজট ভোগান্তির সৃষ্টি করছে।
ঢাকার গুলশান থেকে বেড়াতে আসা মো. শামসুদ্দিন গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আজই ঢাকা থেকে এসেছি। জলপ্রপাত দেখে ভালো লাগলেও যাতায়াতে কষ্ট।’
বন বিভাগের জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের মাধবছড়া বিটের কর্মকর্তা মীর্জা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঈদের দিন (২৯ জুলাই) হাজার তিনেক এবং ঈদের পরদিন সাড়ে চার হাজারের মতো পর্যটক এসেছিলেন। আগামীকাল (শুক্রবার) ছুটির দিন হওয়ায় ভিড় আরও বাড়বে।
পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আহাদ বলেন, ‘পর্যটকদের সামাল দেওয়া কঠিন। সতর্ক বিজ্ঞপ্তি না মেনে তাঁরা পাহাড়ে উঠছেন, পানিতে নেমে পড়ছেন।’
এদিকে হাওর এলাকা নিকলীতেও এবার পর্যটকদের ভিড় সামলাতে পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হচ্ছে। হাওর অঞ্চলের সেই অভাবী আর দুর্গম যোগাযোগব্যবস্থার চিত্র ভুলে মানুষকে এখন টানছে এখানকার অপার সৌন্দর্য আর কিছুটা অজানা ঐতিহাসিক নিদর্শন। কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত চার উপজেলা হলো নিকলী, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম। এর মধ্যে একমাত্র নিকলী সদরের সঙ্গে ঢাকা ও জেলা সদরের সড়ক যোগাযোগ রয়েছে। অন্য তিন উপজেলায় যাতায়াতের মাধ্যম ইঞ্জিনচালিত নৌকা কিংবা লঞ্চ।
নিকলী উপজেলা সদরকে রক্ষায় ২০০০ সালে নির্মিত হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। বর্ষায় এই বাঁধে চারদিক থেকে আছড়ে পড়া হাওরের ঢেউ সমুদ্রসৈকতের অনুভূতি এনে দেয়। গাছের ডালে পাখির কিচিরমিচির। এ ছাড়া রয়েছে খান মোহাম্মদ উলু খানের মসজিদ, চন্দ্রনাথ গোস্বামীর আখড়া। আছে ঈশা খাঁর স্মৃতিধন্য আদুরিনাথ গোস্বামীর আশ্রম, বটতলা কালীবাড়ি, কানাই শাহ্র মাজার ইত্যাদি।
নিকলী থানার ওসি এ কে এম মাহবুব রহমান গতকাল বলেন, চার বছর ধরে হাওরের এই অঞ্চলে প্রচুর পর্যটক আসছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের দিন থেকে এখানে ২৪ ঘণ্টা পুলিশ নিয়োজিত রাখতে হয়।
জামাল নামের এক ব্যবসায়ী বলেন, ‘সারা বছর ঢাকায় থাকি। হাওরের এ বাতাস আর সৌন্দর্য কোথায় পাব? তাই বউ-বাচ্চা নিয়ে বেড়াতে এসেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, গত বুধবার জেলা প্রশাসক এস এম আলম বেড়িবাঁধ পরিদর্শনে আসেন। মানুষের ভিড় দেখে তিনি মুগ্ধ। পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে তিনি শিগগিরই পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে কথা বলে বেড়িবাঁধে বিদ্যুতের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।