মাধবকুণ্ডে বারুণী স্নানে পুণ্যার্থীর ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে গতকাল রোববার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে মাধবকুণ্ডে ছিল হাজারো পুণ্যার্থীর ভিড়। ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্নান করেছেন পুণ্যার্থীরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, শুধু এলাকার নয়, দূর-দূরান্তের হিন্দু ধর্মাবলম্বীরা এই স্নানোৎসবে যোগ দেন। হাজারো পুণ্যার্থীর ভিড়ে জলপ্রপাত এলাকা মুখর হয়ে ওঠে। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, অন্য ধর্মের মানুষও ছুটে আসেন এখানে।
মাধবকুণ্ড উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র দেব গতকাল জানিয়েছেন, পুণ্য¯স্নানে অন্তত ২০ হাজার মানুষ এসেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।
এদিকে বারুণী স্নানের দিনে পুণ্যার্থীদের গাড়ি পার্কিং থেকে টোল না নেওয়ার কথা ছিল। কিন্তু ইজারাদারের লোকজন স্নানে আসা লোকজনের গাড়ি অনুযায়ী ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত টোল আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইজারাদার আলাউদ্দিন বলেন, পুণ্যার্থী কারও কাছ থেকে টোল আদায় করা হয়নি। অন্য ধর্মের লোকদের কাছ থেকে টোল নেওয়া হয়েছে।
পার্কিংয়ের স্থান ইজারা প্রদানকারী সংস্থা মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকবল নাই। এ রকম একটি অভিযোগ পাওয়ার পর খোঁজ নেওয়া হয়েছে। প্রতিবছরই এ রকম অভিযোগ ওঠে। পুণ্যার্থী যাঁরা স্নানে আসবেন, তাঁদের কাছ থেকে পার্কিংয়ের টোল নেওয়ার কথা না। শুধু পর্যটকদের কাছ থেকে টোল নেবে।’