মাধবকুণ্ডে যেতে পর্যটকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতে যেতে প্রায় আট কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে পর্যটকেরা প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছেন।কুলাউড়া-বড়লেখা সড়কের কাঁঠালতলি বাজার থেকে পূর্ব দিকে একটি সরু পাকা সড়ক দিয়ে মাধবকুণ্ড জলপ্রপাতে যেতে হয়। গত শনিবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে, ওই সড়কের খলাগাঁও বাজার, কেরামতনগর চা বাগান এবং জলপ্রপাত-সংলগ্ন এলাকার কমপক্ষে ২০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গেছে। নরসিংদীর বেলাব থেকে সাত-আটজন বন্ধু একটি মাইক্রোবাস ভাড়া করে মাধবকুণ্ডে বেড়াতে আসেন। খলাগাঁওয়ে পৌঁছে মাইক্রোবাসের সামনের দুটি চাকা গর্তে পড়ে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে গর্ত থেকে চাকা তোলেন। কাদাজলে ভিজে যান তাঁরা। যাত্রীদের একজন আফরোজ আহমদ (২৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘এমন জানলে এখানে আসতামই না। বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে গেল।’ঢাকার বেইলি রোড থেকে বেড়াতে আসা শারমিন বলেন, ‘জলপ্রপাত ছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কথা শুনলে অনেকেরই আগ্রহে ভাটা পড়বে। সড়কটি মেরামত করে আরও প্রশস্ত করা দরকার।’জলপ্রপাতের কাছে জেলা পরিষদের বিশ্রামাগারের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম জানান, প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কারকাজ হচ্ছে না। এতে পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝেমধ্যে গাড়ি উল্টে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।মাধবকুণ্ড জলপ্রপাত এলাকাটি দেখভালের দায়িত্বে আছে বন বিভাগ। জুড়ী-২ রেঞ্জের (বড়লেখা) বন কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘পর্যটকদের আকর্ষণ করতে চলতি অর্থবছরে জলপ্রপাতের উন্নয়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ওই প্রকল্পের মধ্যে জলপ্রপাতের নিচে বিপজ্জনক এলাকায় নিরাপত্তা বেষ্টনী, পাকা বেঞ্চ, নিরাপত্তা দেয়াল নির্মাণসহ বেশ কিছু কাজ হবে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বড়লেখার উপজেলা কার্যালয়ের প্রকৌশলী নাজির আহমদ চৌধুরী বলেন, ‘কাঁঠালতলি বাজার থেকে মাধবকুণ্ড জলপ্রপাত পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। আর যানবাহন চলাচলের সুবিধার্থে সম্প্রতি সুরকি ফেলে সড়কের কয়েকটি গর্ত ভরাট করা হয়েছে।’