মাধবকুণ্ডের পানিতে ডুবে ঢাকার তিন ছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে এসে ঢাকার মিরপুরের তিন স্কুল ও কলেজছাত্র পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার ব্রিগেডের ডুবুরিরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাদের লাশ উদ্ধার করেন। মারা যাওয়া তিন ছাত্র হচ্ছে ঢাকার মিরপুরের মো. সিকান্দরের ছেলে ও মিরপুর বায়তুল মামুর মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মুন্না (১৪), ইকবাল কবীরের ছেলে ও মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার (১৫) এবং মো. বাবুলের ছেলে ও মিরপুর কমার্স কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী আশিক মিয়া (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাইক্রোবাসে করে মৃত তিন ছাত্রসহ আটজনের একটি দল মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটন এলাকায় বেড়াতে আসে। মাধবকুণ্ডে এসে এরা দল বেঁধে বেলা দুইটার দিকে মাধবকুণ্ডের পানিতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে পানির তোড়ে এই তিনজন মাধবকুণ্ডের গভীর গর্তের পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা কবির, শাওন, রকিব ও রিফাত পানি থেকে ওপরে চলে আসে।