মাধবদী নগর মাতৃসদন বন্ধ হয়ে যাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদী পৌর শহরের মাধবদী নগর মাতৃসদন হাসপাতাল প্রকল্পের মেয়াদ শেষ। তাই আজ শনিবার থেকে হাসপাতালটি বন্ধ হয়ে যাচ্ছে। এই হাসপাতালের অর্ধশতাধিক চিকিৎসক, সেবিকা ও কর্মচারী বেকার হয়ে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে মাধবদীতে ২০০৬ সালে এই প্রকল্প চালু করা হয়। স্থানীয় ব্যক্তিদের দান করা জমির ওপর সরকার নিজস্ব একটি ছয়তলা নগর মাতৃসদন ও একটি তিনতলা নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে। এ ছাড়া ভাড়া করা দুটি বাড়িতে দুটি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করা হতো। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় এই মাতৃসদন চলছিল।প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিল বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার। হাসপাতাল পরিচালনার জন্য ১৪ জন চিকিৎসকসহ ১৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। প্রাথমিকভাবে ছয় মাসের মেয়াদ বর্ধিত করা হলেও সরকার জুলাই থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। ওই ঘোষণা অনুযায়ী আজ হাসপাতালের কার্যক্রমের শেষ দিন। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ছয়তলা ভবনের এই হাসপাতাল জনমানবশূন্য। নিচতলায় পড়ে রয়েছে একটি পিকআপ। হাসপাতালের হিসাবরক্ষক মোখলেছুর রহমান মুঠোফোনে বলেন, হাসপাতালটি এখন পৌরসভার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রকল্পের টাকা এখনো ছাড় না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া পড়েছে। পৌরসভার মেয়র মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘পৌর এলাকায় স্বাস্থ্যসেবা দেওয়ার মতো সরকারি আর কোনো হাসপাতাল নেই। পৌরসভার নিজস্ব আয় দিয়ে হাসপাতালের দেড় শ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয়ভার বহন করাও সম্ভব নয়। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম প্রকল্পটি বন্ধ না করতে।’স্থানীয় কোতালীর চর এলাকার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ পাওয়ায় স্থানীয় লোকজনের একমাত্র ভরসা ছিল এই হাসপাতাল। এখন এই এলাকার বিশাল জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ও দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের পরিচালক আবু বক্কর ছিদ্দিক বলেন, মাধবদী ছোট শহর হওয়ায় দাতারা ওই প্রকল্পে অর্থায়ণে আগ্রহী নন। কিন্তু অন্য উপায়ে অর্থসংস্থানের ব্যবস্থা করা গেলে আবার এই হাসপাতাল চালু করা হবে।