মাধবদী পৌরসভার ভোট গ্রহণ ১২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে স্থগিত হয়ে যাওয়া মাধবদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে ১২ জানুয়ারি। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা নির্বাচন কর্মকর্তা ও মাধবদী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভোট গ্রহণের এই তারিখটি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট গ্রহণের সময় কিছু দুর্বৃত্ত গুলি করে ও বোমা ফাটিয়ে মাধবদী মহাবিদ্যালয়, ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন স্কুল, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালির চর ইবতেদায়ি মাদ্রাসা, উইজডম প্রিপারেটরি স্কুল ও নূরে আলম ভূঁইয়া কিন্ডারগার্টেন ভোট কেন্দ্র দখল করে নেয়। এর মধ্যে কয়েকটি কেন্দ্রের ব্যালট পেপার ছিনিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে এই ছয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করে দেন। বাকি ছয়টি কেন্দ্রেও ব্যাপক অনিয়ম হয় বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ পৌরসভার নির্বাচন স্থগিত করে দেয়।

এ ব্যাপারে আজ বিকেল সাড়ে পাঁচটায় মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি তখনো কমিশনের চিঠি হাতে পাননি। তবে জানতে পেরেছেন ১২ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. মোশাররফ হোসেন, বিএনপির মো. ইলিয়াছ (বর্তমান মেয়র), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. হারুন মিয়া ও স্বতন্ত্র আবদুল বাতেন শাহীন।