মাধবদীতে ধর্ষণের অভিযোগে সাবেক মেয়রের ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার সাবেক মেয়র সফিউদ্দিন আহমেদের ছেলেসহ দুজনকে গণধর্ষণের অপরাধে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানার পুলিশ। গত বুধবার নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সাবেক মেয়রের ছেলে বিপ্লব মিয়া ও সহযোগী মামুন মিয়া।পুলিশ, মামলার এজাহার ও বাদীর সূত্রে জানা যায়, গত দুই মাস আগে মুঠোফোনের মাধ্যমে ঢাকার ডেমরা এলাকার এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে পরিচয় হয় মাধবদী পৌরসভার সাবেক মেয়র সফিউদ্দিন আহমেদের ছেলে বিপ্লব মিয়ার। গত ২২ আগস্ট দেখা করার নাম করে ডেমরা এলাকা থেকে বিপ্লব মিয়া ও তাঁর দুই সহযোগী ওই মেয়েটিকে তুলে আনেন। পরে পৌর মেয়রের সদর রোডের নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে তিনজনই মেয়েটিকে ধর্ষণ করেন। বিপ্লবের সহযোগীরা হলেন মেয়রের গাড়িচালক আমীনুল ইসলাম ওরফে নয়ন ও মজনু মিয়া ওরফে মামুন। পরে ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে মামলা করে।মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে মানুষ নামের এই নরপশুরা নিরীহ মেয়েদের সর্বনাশ করছে। আমার মেয়ে এ দুর্ঘটনার শিকার। আমি তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি করছি।’মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক আজিজুর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা গা-ঢাকা দিয়েছিল। বুধবার রাতে বিপ্লব মিয়া ও তার সহযোগী মামুন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’