মাধবদীতে নির্বাচন বাতিল, নরসিংদীতে অবাধে সিল
নরসিংদীর দুটি পৌরসভার মধ্যে কেন্দ্র দখল ও ব্যাপক অনিয়মের কারণে মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। নরসিংদী পৌরসভার ভোটকেন্দ্রগুলোতেও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা দলবেঁধে অবাধে ব্যালটে সিল মেরেছেন। বেশির ভাগ কেন্দ্রে গতকাল বুধবার দুপুর ১২টার মধ্যে ভোট কার্যত শেষ হয়ে যায়।
মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করার বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও মাধবদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।
মাধবদী: মাধবদী পৌরসভার ১২টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্র সকালেই দখল করে নেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেনের সমর্থকেরা। তাঁরা ইচ্ছামতো ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। এই কেন্দ্রগুলো হলো মাধবদী মহাবিদ্যালয়, ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন স্কুল, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর ইবতেদায়ি মাদ্রাসা, উইজডম প্রিপারেটরি স্কুল ও নূরে আলম ভূঁইয়া কিন্ডারগার্টেন। কয়েকটি কেন্দ্রের ব্যালট ছিনিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে এই ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ পৌরসভার নির্বাচন বাতিল করে। এখানে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, সকাল সাড়ে নয়টায় মেয়র প্রার্থী মোশাররফ ও তাঁর ভাগনে আরিফ হোসেন ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন কেন্দ্রে যান। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ওবায়দুর রহমান ব্যালট পেপারের চারটি বই নিয়ে নৌকা ও নিজ প্রতীকে সিল মারা শুরু করেন। অপর এক কাউন্সিলর প্রার্থী বাধা দিলে সংঘর্ষ বাধে। তখন বিজিবি কয়েকটি ফাঁকা গুলি করে। সংঘর্ষে কয়েকজন আহত হন। মাধবদী এসপি ইনস্টিটিউটে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ হলে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে জেলা প্রশাসক এসে আবার ভোট গ্রহণ শুরুর নির্দেশ দেন। এরপর আওয়ামী লীগের সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে নৌকায় সিল মারেন। দুপুর সাড়ে ১২টার মধ্যে এই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।
নরসিংদীতে অবাধে সিল: নরসিংদী পৌরসভার বিভিন্ন কেন্দ্রে অবাধে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান। তিনি নিহত সাবেক মেয়র লোকমান হোসেনের ভাই। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম কাইউম দলের বিদ্রোহী প্রার্থী। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম। কোনো কোনো কেন্দ্রে সিল মারা শেষে দুপুর ১২টার মধ্যে নৌকার সমর্থকেরা বিজয় মিছিলও করেন। নরসিংদীর শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বৌয়াকুর প্রাথমিক বিদ্যালয় পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ নজরুল ইসলামের কেন্দ্র। বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলা বুথে সুষ্ঠুভাবে ভোট চলছে। তবে পুরুষ বুথে কয়েকজন একটি বেঞ্চে ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মারছেন। অন্যান্য প্রার্থীর এজেন্টদের তাঁরা বের করে দেন। অসহায়ভাবে বসে ছিলেন পোলিং কর্মকর্তারা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে বারবার ফোন করে স্ট্রাইকিং ফোর্স চাইতে শোনা যায়। তবে কেন্দ্রের বাইরে থাকা পুলিশ সদস্যরা কোনো ব্যবস্থা নেননি।
সকাল নয়টায় ব্রাহ্মন্দী সরকারি কে কে এম উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে শোনা যায়, স্থানীয় জুয়েলের নেতৃত্বে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে জেলা প্রশাসক (ডিসি) আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম যান। বিএনপির প্রার্থীর এজেন্ট সুবল সাহা ডিসির কাছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে জোর করে সিল মারার অভিযোগ করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক এজেন্ট একই অভিযোগ করলে তাঁকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। ওই কেন্দ্রে তখন বেশ কয়েকজনকে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।
জেলা প্রশাসক বলেন, ‘একজন খুব হইচই করছিলেন। তখন এসপিকে বলেছিলাম তাঁকে গ্রেপ্তারের জন্য। তিনি এজেন্ট তা জানার পর তাঁর অভিযোগের সত্যতা জানতে চেষ্টা করি। কিন্তু অভিযোগ সঠিক ছিল না।’
ওই কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় দেখা যায়, সব বুথে নৌকার ব্যাজ লাগানো যুবকেরা ব্যালটে সিল মারছেন। একটি বুথে বেঞ্চে সিল মারার সময় এই প্রতিনিধিকে দেখে একদল যুবক বলেন, সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ বেআইনি। সাড়ে ১১টার মধ্যে সিল মারা শেষে নৌকার সমর্থকেরা বিজয় মিছিল করেন।
জেলা প্রশাসক বলেন, ‘আমার উপস্থিতিতে কোথাও ব্যালটে সিল মারা হয়নি। যেখানে সমস্যা হয়েছে, সেখানে পুলিশ সুপারকে ফোর্স পাঠাতে বলেছি। মাধবদীতে ভোট বন্ধ হয়ে গেছে। আমি রিটার্নিং কর্মকর্তাকে ভোট নিতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি বন্ধ করে দেন।’