মাধবদীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। গতকাল শনিবার সকালে মাধবদী উপজেলার ভগিরথপুরের হাজেরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকেরা বলেন, চার মাস ধরে তাঁরা বেতন ও বোনাস পাচ্ছেন না। মাস শেষে বেতন চাইতে গেলে মালিকপক্ষ পরের মাসে পরিশোধের আশ্বাস দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এ অবস্থায় কবে বকেয়া পাওয়া যাবে তা-ও নিশ্চিত নয়। কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক আছেন। বেতন-বোনাস না পাওয়ায় শ্রমিক পরিবারগুলো এখন অর্থকষ্টে আছে। জীবন রক্ষার দাবিতে বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
এদিকে সহস্রাধিক শ্রমিক বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় জড়ো হন। পরে মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মালিকপক্ষ বলছে, বৃহস্পতিবারের মধ্যে সব পাওনা পরিশোধ করবে। মালিকপক্ষের এমন আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
মুঠোফোন বন্ধ থাকায় হাজেরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের মালিক মিল্লাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মালিকপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিলটি এখন লাভজনক পর্যায়ে নেই। আবার শ্রমিকদের স্বার্থের কথা ভেবে বন্ধ করাও যাচ্ছে না। খুব দ্রুত পাওনা বেতন নিয়ে শ্রমিকদের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে।