মাধবদীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকা থেকে গত সোমবার দিবাগত রাতে সালমা (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হলে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে সালমার স্বামী ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে। সালমার পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে ফিরোজ মিয়া সালমাকে হত্যা করেছে। সালমার পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের ফিরোজের সঙ্গে ২০০৪ সালে নূরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামের সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফিরোজ যৌতুকের জন্য সালমার ওপর চাপ দিতে থাকেন। সম্প্রতি ফিরোজকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসার নাম করে তিনি আরও ৫০ হাজার টাকা দাবি করেন।সালমার বড় ভাই শাহ আলম বলেন, ‘সালমার সুখের কথা ভেবে ফিরোজকে আরও ৫০ হাজার টাকা দিতে চেয়েছিলাম। এ জন্য তার কাছে দুই মাস সময়ও নিয়েছিলাম। কিন্তু দুই মাস না হতেই ফিরোজ গত রোববার দিবাগত রাতে সালমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।’ শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোল্লা টুটুল জানান, এ ঘটনায় শাহ আলম থানায় হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার একমাত্র আসামি ফিরোজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।