মাধবপুর, কসবায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত বুধবার রাতে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা যায়, গতকাল সকালে মো. মস্তোফা (২৫) নামের এক চালক ট্রাক্টর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা থেকে মাধবপুরের রতনপুর এলাকায় ফিরছিলেন। মাধবপুরের ছাতিয়াইন সড়কে পৌঁছালে যান্ত্রিক ক্রটির কারণে ট্রাক্টরটি সড়কের পাশের জমিতে নেমে যায়। চালক মস্তোফা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আহত হন তাঁর ভাই আবু হানিফ। তাঁরা মাধবপুরের হরিতলা গ্রামের সহিদ মিয়ার ছেলে।থানার এসআই সাইফুল ইসলাম ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কসবা থানার পুলিশ জানায়, উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকার সড়কে বুধবার রাত আটটার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী মারা যান। মাসুদ জেলার নবীনগরের বিটঘর গ্রামের রহিম মিয়ার ছেলে।