মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সাত মাস ধরে নষ্ট
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সাত মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এর ফলে রোগীরা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার পৌর এলাকার বাসিন্দা মিলাদ ভূঁইয়া বলেন, মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি মহাসড়কের পাশে থাকায় রোগীদের চাপ রয়েছে। চিকিৎসকেরা রোগীদের গুরুতর দেখলেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় রোগীদের ব্রাহ্মণবাড়িয়া যেতে অসুবিধায় পড়তে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চাকরিজীবী বলেন, এটি মন্ত্রী সাহেবের এলাকার হাসপাতাল। এ হাসপাতালের অ্যাম্বুলেন্সটি যদি সাত মাস ধরে বিকল থাকে, তাহলে উপজেলাবাসী কী সেবা পাচ্ছে? অ্যাম্বুলেন্সের চালক খোকন মিয়া বলেন, ‘অ্যাম্বুলেন্সটি প্রায় সাত মাস ধরে বিকল। এটি মেরামত করেও কোনো লাভ হবে না। শুনেছি একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হবে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুখলাল সরকার বলেন, অ্যাম্বুলেন্সটি নষ্ট দীর্ঘদিন ধরে। এটি দুঃখজনক ঘটনা। অ্যাম্বুলেন্সটির ব্যাপারে অনেকবার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।