মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যানকে ওসির হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের কৃষক নুরুল ইসলাম হত্যার ঘটনায় প্রতিবাদ সভা করায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্তকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে শ্রীধাম দাসগুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক, সিলেট বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। তবে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলি করে আলীনগর গ্রামের কৃষক নুরুল ইসলামকে হত্যা করে। ১১ সেপ্টেম্বর এলাকাবাসী একটি প্রতিবাদ সভার আয়োজন করে। এতে শ্রীধাম দাসগুপ্ত, স্থানীয় চেয়ারম্যান সামছুল ইসলামসহ আরও অনেকে বিষয়টির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানান।শ্রীধাম দাসগুপ্ত প্রথম আলোকে বলেন, ওই রাতেই মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম তাঁর ব্যক্তিগত মুঠোফোন দিয়ে আমাকে পুলিশের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের (এফসিআর) মাধ্যমে দোষী সাব্যস্ত করে দেখে নেওয়ার হুমকি দেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, ‘আমি এ কথা বলিনি।’