মাধবপুর ও আদমপুরে আজ মণিপুরি রাসমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে আজ বৃহস্পতিবার মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীশ্রীমহারাসলীলা। মাধবপুরের শিববাজারে এ বছর শ্রীশ্রীকৃষ্ণের ১৬৯তম মহারাসলীলানুসরণ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।আয়োজকেরা জানিয়েছেন, মাধবপুর জোড়ামণ্ডপের রাসমেলাটি পুরোনো। এ মেলার আয়োজক মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়। অন্যদিকে অপর রাসমেলার স্থান উপজেলার আদমপুরে। এ মেলার আয়োজকেরা মণিপুরি মৈতৈ সম্প্রদায়। আগে শুধু মাধবপুরেই এ মেলা হতো। ১৯৮৬ সাল থেকে আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় রাসমেলার আয়োজন করছে।আয়োজকদের সূত্রে জানা গেছে, আজ সকালে মাধবপুর জোড়ামণ্ডপ এলাকায় ‘গোণ্ঠলীলা বা রাখাল নৃত্য’ দিয়ে শুরু হবে মহারাসলীলার মূল উপস্থাপনা। গোষ্ঠলীলায় রাখালের সাজে কৃষ্ণের বাল্যকালকে নৃত্যের তালে তুলে ধরবে মণিপুরি শিশুরা। গোধূলিবেলা পর্যন্ত চলবে এ নৃত্য। সন্ধ্যায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। রাতে পরিবেশিত হবে মধুর রসের নৃত্য বা শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ। মধ্যরাত থেকে শুরু হওয়া এ রাসনৃত্য ভোর (ব্রহ্ম মুহূর্ত) পর্যন্ত চলবে। এ নৃত্যে গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলা গান, সুর ও কথায় প্রকাশ করা হয়।