মাধবপুর ও টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে গতকাল সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় গতকাল ভোরে সিলেটগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাধবপুরগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে একজন মারা যায়।নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে আবদুল কাদির (৩০), একই জেলার পাকুন্দিয়া উপজেলার পাকাশিয়া গ্রামের আশোক আলীর ছেলে আনোয়ার আলী (৩৫), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামের প্রমেশ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৩২), নরসিংদীর আবদুর রহিমের ছেলে জাহিদুল ইসলাম (২০) ও মাধবপুর উপজেলার পশ্চিম বাজার গ্রামের হাজি ফারুক রানার ছেলে তোফায়েল আহমেদ (১৭)। তাঁদের মধ্যে আনোয়ার হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ থানায় মামলা হয়েছে।এদিকে গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থার সামনে গতকাল সকালে গাজীপুরগামী সুপ্রভাত সিটি সার্ভিসের একটি মিনিবাস পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাকিব হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। আহত হয় পথচারীসহ ছয়জন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তোতা মিয়া (২৫) এবং গুরুতর আহত অজ্ঞাতপরিচয় রিকশাচালককে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যান।জানা গেছে, তোতা মিয়া ও সাকিব সম্পর্কে মামা-ভাগনে। তোতা মিয়া যশোরের চৌগাছা থানার নিয়ামতপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে। মিনিবাসটি আটক করা হয়েছে।