মাধবপুর-নাসিরনগর সড়কের কার্পেটিং উঠে চলাচল ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চরম ভোগান্তির শিকার হচ্ছে দুই উপজেলার যাত্রীরা।সম্প্রতি ওই সড়ক দিয়ে মাধবপুর থেকে নাসিরনগর পর্যন্ত গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইটের সুড়কি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, মাইক্রোবাস ও বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্তমানে এ সড়কে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন যানবাহনের চালকেরা।মিল্লাত হোসেন ভূঁইয়া নামে এক যাত্রী বলেন, সড়কের অবস্থা খারাপ। চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি ভাড়ার টাকাও দ্বিগুণ দিতে হচ্ছে। যাত্রী আবদুর রহমান বলেন, প্রসূতি নারীরা ওই সড়ক দিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া-আসা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ওই সড়কের চৈয়ারকুড়ি মোড়ে কথা হয় একাধিক অটোরিকশার চালকের সঙ্গে। তাঁরা জানান, এ রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে গায়ে রীতিমতো জ্বর আসে। বড় বড় গর্তের জন্য প্রতিদিনই কোনো না কোনো গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। এলাকাবাসী জানান, সড়কটি নাসিরনগর উপজেলার গোর্কণ, পূর্বভাগ, গুনিয়াউক ও হরিপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন সড়কটিতে কয়েক বছর আগে বন্যায় ভাঙন দেখা দেয়। গর্ত হওয়া স্থানগুলোতে স্থানীয় লোকজন মাটি ফেলে মেরামতের চেষ্টা করেন।সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে এলজিইডি মাধবপুর উপজেলার প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘সড়কটি দেখেছি। কার্পেটিং উঠে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এলজিইডির আওতায়। আমাদের কিছু করার নেই।’এলজিইডি নাসিরনগর উপজেলার সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।