মাধবপুর লেকে তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের দেখা পেলাম মাধবপুর লেকের ধারে। আমাদের দেখে তাঁদের মধ্যে কিছুটা চিত্তচাঞ্চল্য হয়েছিল। একজন এগিয়ে এসে বললেন, ‘আমি গাইড হতে পারি। আমাকে গাইড করবেন?’

আমরা জানালাম, আমাদের গাইডের প্রয়োজন নেই। তাতে তাঁদের মন খারাপ হলো না। প্রত্যাখ্যান তাঁদের জন্য বড় কোনো ব্যাপার নয়। গোটা জীবনই তাঁদের প্রত্যাখ্যান করে বসে আছে, দু-একজন মানুষের প্রত্যাখ্যানে তাঁদের কিছু আসে-যায় না। ১৪ জুন বিকেলে যখন আমরা মাধবপুর লেকে পৌঁছুলাম, ততক্ষণে অন্তত ১০০টি গ্রাম বন্যার জলে ভেসে গেছে, ভেঙে গেছে কিছু কালভার্ট। বন্যা পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে।

আমাদের সঙ্গে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহতালাত আহমেদ। আমরা তাঁকে বলি, ‘জানো, এই তিনজনকে দেখছ, এদের পূর্বপুরুষেরা কিন্তু মাদ্রাজ, বিহার, উড়িষ্যা থেকে এসেছে!’

মাহতালাত ২৫ বছর ধরে পুরোদস্তুর বাংলাদেশি। রাশিয়ায় বিয়ে করেছিলেন বাংলাদেশের ছেলে মনিরুল ইসলামকে, তিনিও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এখন। ফলে বিহারে জন্ম নেওয়া এই মেয়েকে কিছুটা নস্টালজিক করে দিলাম আমরা।

যে তিনজন পুরুষ আমাদের সামনে দাঁড়িয়ে, তাঁদের চেহারায় অকালবার্ধক্য।

মাহতালাত প্রশ্ন করলেন, ‘আপনারা কোথা থেকে এসেছেন?’

‘বিহার, ইউপি, উড়িষ্যা থেকে বেশি। মাদ্রাজও আছে।’

‘আপনারাই এসেছেন?’

‘আরে না, আমাদের বাবা-মায়েরও বাবা-মা। মানে বাবু কা বাবুরা আসছিল এই দ্যাশে। তারপর তো আর ফিরতে পারে নাই।’ বললেন তাঁদের একজন। তখনো তাঁদের নামগুলো জানা হয়নি।

চা-বাগানের শ্রমিকদের জীবনকাহিনি বা তাঁদের এ দেশে আসার ইতিহাস অনেকেই জানেন। যুগের পর যুগ প্রায় অমানবিক পরিবেশে স্বপ্নহীন হয়ে কাজ করে যান তাঁরা। খুবই কম পারিশ্রমিকে জীবন কাটিয়ে যান। চা-বাগানের কাজ খুব শক্ত ধরনের। পরিশ্রম করতে হয় প্রচুর। চা-পাতা তোলার কাজটা মূলত মেয়েরা করেন, ছেলেরা করেন অন্য ধরনের কাজ। এই যে এখন যেমন এঁরা চাইছেন গাইডের কাজ করতে। কাজের ফাঁকে এই বাড়তি আয়টা তাঁদের জীবনে অনেকখানি।

এবার পরিচয় পর্ব।

একজন বললেন, ‘আমার নাম ওমর।’

‘আমার নাম মানিক।’

তৃতীয়জন একটু গম্ভীর হয়ে বললেন, ‘আমার নাম লক্ষ্মীকান্ত, টাইটেল চৌহান।’

কেন টাইটেলের কথা জানালেন লক্ষ্মীকান্ত, সেটা আমরা বুঝতে পারলাম না। কিন্তু আমরা যখন লেকের পাশ দিয়ে পিচ্ছিল টিলায় উঠেছিলাম, তখন হাতে একটা মোটাসোটা লাঠি নিয়ে পুরো পথটা সঙ্গ দিয়েছিলেন তিনি। আর তাতেই অনেক কথা জানা হয়ে গিয়েছিল আমাদের।

আট ঘণ্টা কাজ করে ৮৫ টাকা পাওয়া যায়। যে মেয়েরা চা-বাগানে একটি কুড়ি দুটি পাতা তুলতে থাকেন, তাঁদের কেউ যদি ২৩ কেজির কম চা-পাতা তোলেন, তাহলে এই ৮৫ টাকাও পান না। তাঁদের মজুরি কেটে রাখা হয়। ওমর বললেন, ‘সায়েব, আমাদের খুব দুঃখের জীবন।’

মানিক বললেন, ‘বুধবারে টাকা হয়। সপ্তাহে ৬ দিনে কত হয়? এই ধরেন পাঁঞ্চসো (৫০০ টাকা) বা সাড়হে চারসো (৪৫০ টাকা)। তা দিয়েই আমাদের চলতে হয়।’

দুদিন পর ঈদ। তাই আমাদের জানতে ইচ্ছে করে তাঁদের খাদ্যাভ্যাসের কথা।

‘আমরা আর কী খাব মালিক! টাকা পেলে কচুশাক, পালংশাক কিনে নিয়ে যাই। কখনো চা-পাতা ভর্তা খাই।’

‘চা-পাতা ভর্তা! সেটা খেতে কেমন?’

‘খুব ভালো, সায়েব। খুব টেস্ট আছে। শরীরটাকে তেজি করে দেয়। চা-পাতা ভর্তা না খেলে কাজই করতে পারতাম না!’

এবার বলি, ‘মাংস খান না?’

তিনজন একে অন্যের দিকে তাকান। কী বলবেন বুঝতে পারেন না। প্রশ্নকর্তার অজ্ঞতার কথা ভেবে তাঁরা অবাক হয়েছেন, নাকি কী উত্তর দেবেন, তা বুঝতে পারছেন না বলে ইতিউতি চাইছেন, সে রহস্য ভেদ হলো না। তবে ওমর একটা উত্তর খুঁজে পেলেন, ‘মাংস-উংসো তো বছরে একবার খাওয়া যায়, মালিক। তা-ও একা একা কেনা যায় না। খুব ইচ্ছা হইলে তিনজন, চারজন মিলে একটু মাংস কিনি। তারপর ভাগ করে খাই।’

‘নেশা করেন না?’

লক্ষ্মীকান্ত দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘কী যে বলেন, মালিক! এখন চা-বাগানে নেশা করা হয় না। পাই ৮৫ টাকা। বাচ্চাকাচ্চা নিয়া কি এই টাকায় চলা যায়? ১০ টাকার পেঁয়াজ কিনি, ১০ টাকার মরিচ। চাল কিনতে হয়। টাকা পাব কোথায়?’

ওমর যেন বলার মতো একটা বিষয় খুঁজে পেয়েছেন, সেভাবেই স্বপ্নালু হয়ে বলেন, ‘মাঝে মাঝে খালে-বিলে ছোট মাছ ধরি। সেটা যে কি টেস্ট সাহেব, একবার খেলে বুঝবেন, মাছ কত মজা!’

মাহতালাত জানতে চান, ‘আপনারা ফিরে যেতে চান না দেশে?’

‘দ্যাশ! দ্যাশ তো আমাদের এইটাই। আমাদের বাবাদের বাবারা এই দেশে আসছিল। তাদের দ্যাশ ছিল বিহার, ইউপি, মাদ্রাজ। আমরা তো এই দ্যাশেরই মানুষ। আমাদের তো অন্য কোনো দ্যাশ নাই।’

ওঁরা তিনজন হয়তো জানেন না, ওঁদের পূর্বপুরুষেরা একদিন এই বঞ্চনা থেকে মুক্তি চেয়েছিলেন। দেশে ফিরে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন।

সেই যে ১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়ায় চা-বাগান প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে চায়ের আবাদ শুরু হয়েছিল, তাতে নতুন স্বপ্ন চোখে নিয়ে কিছু মানুষ ভিটে ছেড়ে এসেছিল রোজগারের আশায়। এসেছিল আসাম, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উড়িষ্যা, মাদ্রাজ, বিহার থেকে। ইংরেজরা একের পর এক চা-বাগান করতে থাকল এবং শ্রমিক সংগ্রহ করার জন্য নানা রকম প্রলোভন দেখাল। গরিব মানুষ নতুন জীবনের আশায় এখানে এল। তাদের মোহভঙ্গ হতে সময় নেয়নি। কিন্তু তাদের কেউ কেউ যখন ফিরে যেতে চাইল, তখন ইংরেজরা গুলি করে শ্রমিকদের হত্যা করে মহাত্রাসের সৃষ্টি করেছিল। ১৯২১ সালের ৩ মার্চ বিভিন্ন চা-বাগানের বঞ্চিত শ্রমিকেরা বিদ্রোহ করে বসলেন। প্রায় ৩০ হাজার শ্রমিক দিজ দেশে ফিরে যাওয়ার জন্য ‘মুল্লুক চলো’ আন্দোলন শুরু করেছিলেন। তাঁরা শুধু জানতেন, চাঁদপুরে কোনোভাবে পৌঁছাতে পারলেই জাহাজে করে কলকাতায় ফিরে যেতে পারবেন। তাহলেই সেখান থেকে নিজ বাসভূমে পৌঁছে যাবেন। কিন্তু কঠোর হাতে সে বিদ্রোহ দমন করেছিল ইংরেজরা। ২০ মে ব্রিটিশরা গুলি করে হত্যা করে কয়েক হাজার শ্রমিককে। এরপর শ্রমিকদের দেশে ফেরার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়।

এরপর ব্রিটিশ গেল, পাকিস্তানি গেল, এল বাংলাদেশ। কিন্তু চা-শ্রমিকদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হলো না। একটি কুড়ি দুটি পাতার দেশে কোনো রকমে জীবন বাঁচানোটাই তাঁদের জীবনের লক্ষ্য হয়ে পড়েছে। মাধবপুর লেকের বিকেলটায় এক দিনের মজুরির চেয়ে বেশ কিছু টাকা বেশি পেয়ে ক্ষণিকের জন্য এই তিনজনের মন আনন্দে ভরে উঠলেও এ আনন্দ যে ক্ষণস্থায়ী, সেটা না বোঝার কিছু নেই।

তারপরও লক্ষ্মীকান্ত চৌহান যখন নিজের মোটা লাঠিটার ওপর ভর দিয়ে পিচ্ছিল পথ পাড়ি দিতে দিতে বলেন, ‘আজ এখনই চাওয়াল (চাল) কিনব, মেয়েটা আজ ভাত খেতে পারবে’—তখন বোঝা যায় অদ্ভুত যে আঁধার এই চা-বাগানে দিনে-রাতে স্থির হয়ে আছে, তা কাটিয়ে ওঠা যাবে কি না, তার উত্তর কারও জানা নেই।