মাধবপুর হ্রদের উন্নয়ন শুধু সিদ্ধান্তেই, বাস্তবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর হ্রদে পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হ্রদ এলাকার সৌন্দর্য বাড়ানো ও পর্যটকদের অবস্থানের সময় স্বস্তিময় করতে সাত মাস আগে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠকে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে, মাধবকুণ্ড জলপ্রপাতের রাস্তাটি অনেক দিন ধরেই খারাপ। যেকোনো উ ৎ সব বা ছুটির দিনে বিপুলসংখ্যক পর্যটক এসে রাস্তার কারণে দুর্ভোগে পড়ছে।মাধবপুর হ্রদ (লেক): জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা-বাগানের ভেতর মাধবপুর হ্রদের অবস্থান। কিন্তু এখনো হ্রদটি ঘিরে পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়েনি। মাধবপুর হ্রদ এলাকা পর্যটনের এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলতি বছরের ২৪ জানুয়ারি মাধবপুর চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভা হয়। সভায় সব আলোচকই একমত হন, চা-বাগানবেষ্টিত পাহাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানটির সৌন্দর্য প্রচারিত হওয়ায় দেশি-বিদেশি পর্যটকের কাছে স্থানটির গুরুত্ব বেড়েছে। কিন্তু এটি পর্যটনের স্থান হিসেবে এখনো গড়ে তোলা যায়নি। এ লক্ষ্যে কিছু পরিকল্পনা নেওয়া হয়। আর তা বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই বৈঠকের পর সাত মাস চলে গেলেও প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন হয়নি। মাধবকুণ্ড জলপ্রপাত: বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত সারা দেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান। অনেক দিন ধরে কাঁঠালতলি-মাধবকুণ্ড রাস্তাটি যান চলাচলের অনুপযোগী। প্রায় সাত কিলোমিটার রাস্তার এ করুণ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাস্তা প্রশস্তকরণ ও সংস্কারের দাবিতে স্থানীয় এলাকাবাসী সমাবেশ ও মানববন্ধন করেছেন। জুড়ী রেঞ্জ-২ বড়লেখা কার্যালয়ের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক বলেন, ‘মাধবকুণ্ড যাওয়ার রাস্তাটি অত্যন্ত করুণ। এদিকে যাওয়া-আসাটাই কঠিন হয়ে পড়েছে।’ কর্মকর্তাদের বক্তব্য: জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে বর্তমানে কোনো প্রকল্প নেই। জেলা প্রশাসক কয়েক মাস আগে বিষয়টি জানতে চিঠি দিয়েছিলেন। আমরা তাই তাকে জানিয়েছি, আগামী অর্থবছরে (২০১১-২০১২) ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার বলেন, ‘এখনো কিছু করা হয়নি। মাধবপুর লেকের রাস্তা করা ছাড়া আমাদের অন্য কোনো খাত নেই। আমরা একটি প্রকল্পে রাস্তাটি ঢুকিয়েছি। কিন্তু এখনো তা একনেকে পাস হয়নি।’ অন্যদিকে, মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার কাঁঠালতলি-মাধবকুণ্ড রাস্তা সম্পর্কে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘রাস্তাটি করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি। আপাতত জরুরি ভিত্তিতে চলাচলের উপযোগী মেরামত করে দেব। এ ছাড়া এখন কিছু করার নেই।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিদ্ধান্ত অনুয়ায়ী মাধবপুর হ্রদে এখনো কিছু বাস্তবায়ন হয়নি। যাঁদের বাস্তবায়ন করার কথা, তাঁদের সঙ্গে আলাপ হচ্ছে। শিগগিরই সবাইকে নিয়ে সভা করব। এ ছাড়া মাধবকুণ্ডের রাস্তা নিয়ে বারবার কথা বলছি। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই।’