মাধবপুরে এক দিনে সুবিধাজনক এলাকায় ১৮ শিক্ষককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর থানা শিক্ষা কর্মকর্তা (টিইও) মোহাম্মদ শাহজাহান উৎকোচ নিয়ে এক দিনে ১৮ জন শিক্ষককে তাঁদের সুবিধাজনক এলাকায় বদলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই বদলির বিষয়ে শিক্ষা কর্মকর্তা থানা শিক্ষা কমিটি ও তাঁর সহকারী শিক্ষা কর্মকর্তাদের কাউকে কিছুই জানাননি বলেও অভিযোগ পাওয়া গেছে।সরজমিনে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় থানা শিক্ষা কার্যালয়ে গিয়ে দেখা যায়, টিইও মোহাম্মদ শাহজাহান কয়েকজন শিক্ষকের সঙ্গে আলাপ করছেন। রাতে অফিসে থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, বদলিসংক্রান্ত মিটিং করছেন। পরের দিন (গত বুধবার) ১৮ শিক্ষককে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুবিধাজনক জায়গায় বদলি করার ঘোষণা দেওয়া হয়। এতে অর্ধশতাধিক শিক্ষক শিক্ষা কার্যালয়ে ভিড় করে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, তাঁরা অনেক আগে বদলির জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই আবেদন অগ্রাহ্য করে পরে আবেদন করা শিক্ষকদের বদলি করা হয়েছে। এমনকি একজন শিক্ষককে বিধিবহির্ভূতভাবে আবেদনপত্র ছাড়াই সুবিধাজনক জায়গায় বদলি করা হয়েছে। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে টিইওর বাগিবতণ্ডা হয়।থানা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মাজহারুল হুদা ও শেখ জহিরুল ইসলাম বলেন, এক দিনে ১৮টি বদলির আদেশ হলেও তাঁদের এ বিষয়ে কেউ কিছু জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, এ বদলির আদেশে অনিয়ম হয়েছে।থানা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি তিন দিন আগেও টিইওকে একজনের বদলির ব্যাপারে সুপারিশ করেছিলেন। কিন্তু সে সময় তিনি বিধিবিধানমতে বর্তমানে বদলির কোনো সুযোগ নেই বলে জানিয়েছিলেন। কিন্তু তাঁকে না জানিয়ে টিইও এক দিনে ১৮টি বদলির আদেশ কীভাবে দিলেন, তা তাঁর বোধ্যগম্য হচ্ছে না। শিক্ষা কমিটির নির্বাহী সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নজরুল ইসলাম জানান, তাঁকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর জানান, বদলির আদেশপ্রাপ্ত ১৮ জনের মধ্যে উজ্জলপুর সরকারি প্রধান শিক্ষক বদলির জন্য আবেদনপত্রই জমা দেননি। আবেদন ছাড়া বদলি করা যায় কি না, তা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে টিইও স্যার ভালো বলতে পারবেন। এ ব্যাপারে টিইও মোহাম্মদ শাহজাহান গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে জানান, বিধিবিধান মেনেই বদলির আদেশ দেওয়া হয়েছে। একটির আবেদনপত্র না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদনপত্র ছাড়া বদলির আদেশ কীভাবে হয়েছে, তা তিনি আপাতত বলতে পারছেন না।