মাধবপুরে গুলিতে নিহত নূরুলসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে নিহত নূরুল ইসলামকে গত সোমবার রাতে দাফন করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিহত হওয়া নূরুলসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে পৃথক একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।গত রোববার রাতে এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে চারজন সাদা পোশাকের পুলিশ মাদক ব্যবসার অভিযোগে জেবু মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় জেবুর বাবা নূরুল ইসলামসহ বাড়ির লোকজন পুলিশকে বাধা দেন। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে নূরুল ইসলাম নিহত হন।মাধবপুর থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন নিহত হওয়া নূরুল ইসলাম, তাঁর ছেলে জেবু মিয়সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আর অপমৃত্যুর মামলা করেছেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল ইসলাম। তবে অপমৃত্যুর মামলা প্রসঙ্গে সামছুল ইসলাম জানান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম তাঁকে ‘ব্ল্যাক মেইল’ করে কাগজে সই নিয়েছেন। ওসি শেখ কবিরুল ইসলাম ইউপি চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে জানান, চেয়ারম্যান স্বেচ্ছায় অপমৃত্যু মামলা করেছেন। এসআই বেলায়েত পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারধর করার অভিযোগে অপর একটি মামলা করেছেন।এদিকে এ ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, তদন্ত প্রতিবেদন পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্তে আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ অস্ত্র ও আত্মরক্ষায় গুলি ছোড়ে বলে প্রমাণ পাওয়া গেছে।