মাধবপুরে গ্যাস লাইন স্থাপন বন্ধ ১১ দিন
হবিগঞ্জের মাধবপুরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের আঞ্চলিক বিতরণ কার্যালয় থেকে নির্মাণাধীন গ্যাস লাইন স্থাপনের কাজ ১১ দিন ধরে বন্ধ রয়েছে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্যাস-সংযোগের দাবিতে এলাকাবাসী ওই কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পরও এলাকার মানুষ গ্যাস ও বিদ্যুতের সুবিধাবঞ্চিত। এলাকায় শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে। এসব কারখানায় গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। অথচ গ্রামবাসী গ্যাসের সুবিধা পাচ্ছে না। গণদাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সায়েদুর রহমান গতকাল মঙ্গলবারপ্রথম আলোকে বলেন, দাবি পূরণের লক্ষ্যে এলাকাবাসী গত ২৭ জুলাই ওই লাইন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। কিন্তু জালালাবাদ গ্যাস কোম্পানির কর্তৃপক্ষ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে গণদাবি পরিষদের আন্দোলন দাবিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।গ্যাসের দাবিতে গত ১৯ জুলাই গণদাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল, গণসমাবেশ ও ব্যবস্থাপকের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। ৪ আগস্ট সমাজকল্যাণমন্ত্রীর কাছেও সঞ্চারকলিপি দেওয়া হয়।