মাধবপুরে ছাত্রী অপহরণের অভিযোগে আটক ১
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আল আমিন হোটেল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক হওয়া ব্যক্তির নাম আবদুল গনি ওরফে মজনু। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার একটি গ্রামের নিজের বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনার পরদিন তাঁর মা ছাতিয়াইন গ্রামের ওসমান গনি খান, তাঁর দুই ছেলে আবদুল গনি, মতিন খান ও একই গ্রামের অটোরিকশাচালক আশিক মিয়া এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি অভিযোগ করেন।মেয়েটির মা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে সিলেট থেকে আসার পথে মতিন খান প্রায়ই উত্ত্যক্ত করত। ঘটনার দিন সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আসামিরা তাঁর মেয়েকে অপহরণ করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ওই ছাত্রী রাত আটটার দিকে থানায় হাজির হন। তিনি জানিয়েছেন, আটক হওয়া আবদুল গনির ভাই মতিন খানের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। কয়েক মাস আগে তাঁরা বিয়ে করেছেন। মেয়েটি পুলিশ হেফাজতে আছে বলে জানান ওসি।