মাধবপুরে ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের নেতাসহ আটক ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা বাজার থেকে ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অটোরিকশাচালক মাফুজ মিয়া।মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ বশির আহাম্মেদ জানান, নোয়াপাড়া ইউনিয়নের কররা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল আলামিনের কর্মচারী আলামিন মাধবপুরে যাওয়ার জন্য হোটেলের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। যুবলীগের নেতা জাহাঙ্গীর আগে থেকেই অটোরিকশায় ছিলেন। অটোরিকশাটি মাধবপুরের দিকে না নিয়ে মনতলা বাজারের কাছে নিয়ে সেখানে আলামিনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে তাঁকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীর ও মাফুজ মিয়া। এ সময় আলামিন চিত্কার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীর ও মাফুজকে আটক করে।