মাধবপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। ছুরিকাহত হয়েছে তার দুই বন্ধু। নাসিরনগর সড়কের আদাঐর ইউনিয়নে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া। সে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কাজী হারুন মিয়ার ছেলে এবং ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত ব্যক্তিরা হলো, মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুরের বাসিন্দা তাহের মিয়ার ছেলে মামুন এবং একই এলাকার অধম দাশের ছেলে অসিম দাস। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন মামুন ও অসীম প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যার দিকে খাষ্টি নদীর একটি সেতুর কাছে বসে তারা গল্প করছিল। ছয়টার দিকে সেখান থেকে তারা বাড়ি ফেরার জন্য রওনা হয়। হঠাৎ কয়েকজন মুখোশধারী তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। তাদের কাছে থাকা মুঠোফোন, সাড়ে তিন হাজার টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায়। এসব ছিনিয়ে নেওয়ার সময় পারভেজ তাদের বাধা দিলে তারা পারভেজের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেদ প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের কথা তাঁদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।