মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর নতুনবাজার এলাকায় আজ শুক্রবার ট্রাক্টরের ধাক্কায় দুজন টেম্পোযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের আবদুল মজিদ (৬৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের নিজামউদ্দিন (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নতুন বাজার এলাকার ওই মহাসড়কের পাশে যাত্রীবাহী একটি টেম্পো দাঁড়িয়ে ছিল। বেলা পৌনে একটার দিকে পেছন থেকে আসা একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, নিহত যাত্রীদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। আহত যাত্রীদের মাধবপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।