মাধবপুরে ডাকাতি দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুরে বিশ্বব্যাংকের চা গবেষণা প্রকল্পের পরিচালক ও শ্রীমঙ্গল চা গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বিজ্ঞানী কামরুল হাসানের বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ২০-২৫ জনের একদল অস্ত্রধারী ডাকাত উপজেলার নয়াপাড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামে কামরুল হাসানের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পাহারাদারকে বেঁধে ফেলে। এরপর ঘরের দরজা ভেঙে দুটি স্টিলের আলমারি থেকে টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। কামরুল হাসান ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিল না। ডাকাতেরা কী পরিমাণ মালামাল নিয়ে গেছে তা তিনি জানাতে পারেননি।পরে একই বাড়িতে কামরুল হাসানের ভাতিজির জামাতা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোতাব্বির হোসেনের কক্ষে ঢুকে ডাকাতেরা অস্ত্র দেখিয়ে লোকজনকে জিম্মি করে ফেলে। ডাকাতেরা তাঁর ঘর থেকে ২২ হাজার টাকা, সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি টেলিভিশন, তিনটি মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালামাল লুট করে। ডাকাতেরা পালানোর সময় প্রতিবেশীরা তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদের হামলায় রিজান মিয়া (২৬) ও ইসলাম উদ্দিন (৩৮) নামে দুজন আহত হন।