মাধবপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই চা-শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা-বাগানে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে গত দুই দিনে মারা গেছেন দুজন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৭ জন। চিকিৎসকেরা জানান, পচা মাছ খেয়ে শ্রমিকেরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চা-বাগানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। বাগান এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম ইব্রাহীম ও চা-বাগানের উপমহাব্যবস্থাপক জুবায়ের হোসেন।বাগান কর্তৃপক্ষ ও চা-শ্রমিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে চা-শ্রমিক কমল রেলীর স্ত্রী ভবানী রেলী (২২) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে পরদিন সকালে তিনি মারা যান। মঙ্গলবার রাতে মারা যান অরুণ উড়িয়া (৪৫)। তাঁর স্ত্রী সরলা উড়িয়া ও ছেলে জিতু উড়িয়াও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক সম্বোকুমার বুনার্জি ও নয়াপাড়া চা-বাগানের বাসিন্দা আনসার-ভিডিপির সদস্য সজল নায়েক গতকাল বুধবার জানান, এ পর্যন্ত শতাধিক চা-শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচজন চা-বাগানের নিজস্ব হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ বি এম ইব্রাহীম বলেন, রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পচা-বাসি খাবার খেয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।