মাধবপুরে ডিবির গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে একজন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছেন হবিগঞ্জের নির্বাহী হাকিম মুর্শেদা জামান। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলামের সাক্ষ্য নেন। তদন্তকালে মুর্শেদা জামান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশের গুলি ছোড়ার বৈধতা ছিল না কি না, সে বিষয়টি তিনি তদন্ত করতে এসেছেন। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়েরুজ্জামান প্রথম আলোকে বলেন, ২৯ আগস্ট দিবাগত রাতে ডিবি সদস্যদের গুলিতে আলীনগর গ্রামের নূরুল ইসলাম মারা যান।নিহত নূরুল ইসলামের ছেলে জেবু মিয়া জানান, মহনপুর গ্রামের শাহিন মিয়া ও আলীনগর গ্রামের আতাউর রহমান তাঁদের বাড়ির ওপর দিয়ে ফেনসিডিল পাচার করতে চাইলে তাঁরা বাধা দেন। এর জের ধরে শাহিন ও আতাউর ডিবি পুলিশ সদস্যদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।নূরুর ইসলামের ভাই এনামুল হক বলেন, তাঁরা ডিবি পুলিশের চার সদস্য এবং আতাউর ও শাহিন মিয়াকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত থেকে কাগজপত্র পাঠানো হলেও পুলিশ এখনো সেটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। নির্বাহী হাকিম মুর্শেদা জামান প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। এখন কিছুই বলা যাবে না।