মাধবপুরে দশম শ্রেণীর ছাত্রী উত্ত্যক্তের শিকার
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার পথে দশম শ্রেণীর এক ছাত্রীকে আলী আজম (২৭) নামের এক বখাটে উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়কে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই বখাটেকে আটক করা হলেও পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয় বলে এলাকাবাসী জানায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ইউনিয়নের রামেশ্বর গ্রামের আবদুল মিয়ার ছেলে আজম কয়েকজন সঙ্গী নিয়ে ওই সড়কের পাশে জেলেদের একটি তাঁবুতে অবস্থান নিয়ে সড়কে বিদ্যালয়গামী মেয়েদের উত্ত্যক্ত করতেন। গতকাল ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী সড়কটি দিয়ে যাচ্ছিল। পথে একা পেয়ে তাকে জাপটে ধরেন আজম। মেয়েটির চিৎকারে আশপাশের কয়েকজন জেলে এসে তাকে উদ্ধার করেন। বখাটে আজমকেও হাতেনাতে আটক করেন তাঁরা। মেয়েটি মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘সকাল সাড়ে নয়টার দিকে কোচিং করতে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছেলে আমাকে জাপটে ধরে। আমি এর বিচার চাই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তিনি বখাটের বিচার দাবি করেন।