মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরখি গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ৬৮ জনকে মাধবপুর ও দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, খরখি গ্রামের আদম খাঁর ছেলে দিনমজুর নয়ন খাঁর একই গ্রামের ফরিদ মিয়ার জমিতে কাজ করার কথা ছিল। কিন্তু তিনি নির্ধারিত দিনে কাজে যাননি। বিষয়টি নিয়ে গত রোববার বিকেলে খরখি বাজারে ফরিদের ছেলে হেলাল মিয়ার সঙ্গে নয়নের কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন বিরোধ মীমাংসার জন্য খরখি বাজারে সালিস বৈঠক ডাকে। গতকাল সকালে বৈঠক হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান, সদস্য আবদুল আলীসহ স্থানীয় লোকজন খরখি বাজারে জড়ো হতে থাকে। কিন্তু সকাল নয়টার দিকে বিবদমান দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাধবপুর উপজেলার আবাসিক চিকিৎসক হেলেনা আক্তার প্রথম আলোকে বলেন, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৮ জনকে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে দুজনকে। ফরিদ ও নয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। মুঠোফোনে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে কেউ মামলা করেনি।