মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় গতকাল শুক্রবার একটি মসজিদের তহবিলের হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১২ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর পৌরসভার গ্রাম মাধবপুরে গত বৃহস্পতিবার একটি মসজিদের তহবিলের হিসাব নিয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলামের সঙ্গে হিসাবরক্ষক আবদুল গফুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরুলকে লাঞ্ছিত করে গফুরের পক্ষের লোকজন। এর জের ধরে গতকাল সকালে নূরুলের ছেলেদের সঙ্গে গফুরের পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁদের ১২ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা হলেন: নূরুল ইসলাম (৭০), জিয়াউর রহমান (৩৮), আবু মিয়া (২০), কাশেম মিয়া (৪৫), ইয়াছিন মিয়া (১৪), হামিদ মিয়া (২৮), এমরান মিয়া (১৭), রাহেলা খাতুন (২২), পারভীন আক্তার (৩২), মুজিবুর রহমান (২৮), সাহেরা খাতুন (৩২) ও জীবন মিয়া (১৭)।নূরুলের ছেলে দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘গফুর মিয়ার পক্ষের লোকজন আমাদের মারধর করার জন্য বৃহস্পতিবার থেকে প্রস্তুতি নিচ্ছিল।’ বিষয়টি আঁচ করতে পেরে তাঁরা মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুনয়ন বড়ুয়া বলেন, নূরুল ইসলামের পক্ষ থেকে জিডির আবেদন করা হয়েছিল। গতকাল সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।