মাধবপুরে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আদম খাঁ গত রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন।তবে আদম খাঁর মেয়ে ইয়াছমিন আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘গত শনিবারের ইউপি নির্বাচনে বাবা (আদম খাঁ) বিজয়ী ছিলেন। কিন্তু ইটাখোলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনার পর নিয়মানুযায়ী সেখানে ফল ঘোষণা করা হয়নি। কারচুপির উদ্দেশ্যে ওই কেন্দ্রের ফল মাধবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে ঘোষণা করা হয় এবং চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবু নাসিম মো. আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়। এ ব্যাপারে বাবা উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রোববার রাত ১০টার দিকে নয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা সাহেববাড়ি বাসস্টেশনের কাছ থেকে বাবাকে অপহরণ করা হয়।’গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত আদম খাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। কারা অপহরণ করেছে, এ ব্যাপারে কিছু বলেননি ইয়াছমিন। বিষয়টি মাধবপুর থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।এ ব্যাপারে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক জানান, এখনো কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। তবু আদম খাঁকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।নয়াপাড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আকিব উদ্দিন প্রথম আলোকে জানান, উত্তেজনাকর পরিস্থিতি থাকায় ইটাখোলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ফল সেখানে ঘোষণা করা হয়নি। কারচুপির মাধ্যমে আদম খাঁর বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।