মাধবপুরে পিকআপ ট্রাক সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল মঙ্গলবার রাত আড়াইটায় পুলিশবাহী একটি পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।তাঁরা হলেন পিকআপের চালক হবিগঞ্জ সদর থানার কনস্টেবল নজরুল ইসলাম ও হবিগঞ্জ পুলিশ লাইনে কর্মরত মোবারক হোসেন। নজরুলের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হরিপুর গ্রামে এবং মোবারকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও কনস্টেবল রঞ্জন দেব। তাঁরা বর্তমানে ঢাকায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হবিগঞ্জ থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে চার সদস্যের একটি তদারক দল মাধবপুর থানা এলাকা থেকে হবিগঞ্জ ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক নজরুল ইসলাম নিহত হন। আহত অবস্থায় কনস্টেবল রঞ্জন দেবকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং ওসি মোজাম্মেল হক ও কনস্টেবল মোবারক হোসেনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই মোবারক হোসেন মারা যান।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহাম্মেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তিদের লাশ তাঁদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।