মাধবপুরে বখাটের শাস্তির দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ইভ টিজিং করার অভিযোগে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করছে। এ সময় শিক্ষার্থীরা ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে।আটক হওয়া ওই বখাটের নাম শাহজাহান মিয়া। সে মাধবপুর উপজেলার বাঘবাড়ী গ্রামের আবদুল জব্বারের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে হলহলিয়া সেতু এলাকায় শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে শাহজাহান পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে শাহজাহান তার বাড়ির পাশের একটি রাস্তায় দাঁড়িয়ে ছাত্রীদের ইভ টিজিং করলে শিক্ষার্থীরা তাকে আটক করে মাধবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফতেহুল ইসলাম থানায় বৃহস্পতিবার রাতে মামলা করেছেন। ওই মামলায় শাহজাহানকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।