মাধবপুরে বাস উল্টে নিহত ১, আহত ৪০
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারায়ণপুরে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে নয়ন আচার্য (৩০) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে ভর্তি করা হয়। অন্যদের হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নয়ন আচার্যের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চণ্ডীচংপাড়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া আহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী বিল্লাল মিয়া, সাধন দাস, খায়রুল ইসলাম, গোলাম মোস্তফা, হাসনা বেগম, লাকি আক্তার, সামসু মিয়া, লাল মিয়া, সেলিম মিয়া, মামুন মিয়া, মাহফুজ মিয়া, হারুন মিয়া, সাক্কু মিয়া, ফারুক মিয়া, সুলতানা বেগম, জালাল মিয়া ও বিল্লাল মিয়া।পুলিশ ও আহত যাত্রীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের ওই বাসটি নারায়ণপুরে আসার পর একটি গর্তে চাকা পড়ে রাস্তার ওপরই উল্টে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই এলাকায় একটি কালভার্টের গোড়ায় মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বাসটি ওই গর্তে পড়েই উল্টে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার বাসটি রাস্তায় পড়ে থাকে। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত যাত্রী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খায়েরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসটি উল্টে যাওয়ার পর লোকজন যাত্রীদের মালামাল, মুঠোফোন ও টাকাপয়সা লুটপাট করে। তিনি বলেন, তাঁর মুঠোফোন ও দুই হাজার টাকা লুট করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে পড়ে থাকা লাল মিয়া নামের এক আহত যাত্রী অভিযোগ করেন, একজন চিকিৎসক এতগুলো আহত ব্যক্তিকে দেখছেন। ধীরগতিতে এগোচ্ছেন তিনি। জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘এখন শুধু আমার ডিউটি। সব রোগীকে আমাদের সামলাতে হবে। একটু লেখেন, স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসুক।’মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়েরুজ্জামান বিকেলে বলেন, বাসটি রাস্তা থেকে সরানো হয়েছে।