মাধবপুরে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও ছয় শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই ছয় শিক্ষার্থীর তিনজন পাশের একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এতে গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনিয়মের কথা স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান বলেন, ‘ছয় শিক্ষার্থীদের ছাড়পত্রে ইউএনওসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশ ছিল। তাই ওদের ভর্তি করতে বাধ্য হয়েছি। যদিও আমরা চাইনি এভাবে কেউ বিদ্যালয়ে ভর্তি হোক।’ শামীম আহাম্মদ নামের একজন মাদ্রাসাশিক্ষক অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে গোবিন্দপুর স্কুলে ভর্তি পরীক্ষায় ৫৭ পেয়েছে। তবুও ভর্তি করতে পারিনি। এখন দেখছি, যারা ভর্তি পরীক্ষায় ২৪ পেয়েছে তারাও ভর্তি হয়েছে। এ অনিয়ম মেনে নেওয়া যায় না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান বলেন, ‘সুপারিশে বলেছি, বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে।’ ভর্তি পরীক্ষায় নম্বর কম থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘হয়তো প্রধান শিক্ষকের নলেজে বিষয়টি ছিল না।’