মাধবপুরে ভুয়া দারোগা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে গতকাল রোববার সন্ধ্যায় দারোগা পরিচয়দানকারী জুম্মন খান (৩০) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে জুম্মন খান ছাতিয়াইন সড়কে নিজেকে মাধবপুর থানার নতুন দারোগা পরিচয় দিয়ে একজন অটোরিকশার চালকের অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) দেখতে চান। চালক তা দেখাতে পারেননি। এ সময় সেখানে জড়ো হওয়া অন্য চালকদেরও তিনি বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লোক আছে। যাঁদের ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁরা প্রত্যেকে যেন ছাড়া পেতে আড়াই হাজার টাকা করে দেন। এ সময় নয়জন টেম্পোচালক তাঁকে ২২ হাজার টাকা দেন। পরে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন ওই চালকেরা। প্রতারণার শিকার এসব চালক একজোট হয়ে গতকাল রোববার সকাল থেকে ওই প্রতারককে নানা প্রলোভন দেখিয়ে ছাতিয়াইন বাজারে আসতে বলেন। সন্ধ্যায় তিনি এলে জনতা তাঁকে আটক করে পুলিশে দেন। থানায় আটক জুম্মন খান চালকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।