মাধবপুরে মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবিতে বিক্ষোভ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবিতে গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করেছেন।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহানের কাছে স্মারকলিপি দেন। এ সময় মহাসড়কে যান চলাচল প্রায় ৩০ মিনিট বাধাগ্রস্ত হয়।শিক্ষার্থীরা জানান, কলেজের কাছে গত পাঁচ বছরে সড়ক পারাপারের সময় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। গত মঙ্গলবার সকালে অটোরিকশার ধাক্কায় ফাতেমা বেগম নামের এক শিক্ষার্থী আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক পংকজ কুমার রায় প্রথম আলোকে বলেন, ওই স্থানে গতিরোধক স্থাপনের জন্য তিনবার জেলা প্রশাসক ও সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে। কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, গত জুলাইয়ে কলেজের অভিভাবক সমাবেশে জেলা প্রশাসকের কাছে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবি জানানো হয়েছিল। তবে কর্তৃপক্ষ তাতে কোনো সাড়া দেয়নি।