মাধবপুরে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামে বাড়ি থেকে গতকাল সোমবার এক গৃহবধূ ও তাঁর দেড় বছরের সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম মিলি দেব (২২) ও তাঁর ছেলের নাম প্রতীক (এক বছর ছয় মাস)। তাঁর স্বামী পিন্টু দেব (৩০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের পিন্টু দেবের সঙ্গে প্রায় তিন বছর আগে মিলির বিয়ে হয়। মিলির বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার তারাপাশা গ্রামে। দেড় বছর আগে এ দম্পতির ছেলেসন্তান হয়। পিন্টু প্রতিদিন সকালে কর্মস্থলে যান। গতকাল দুপুরে প্রতিবেশীরা দেখতে পান, তাঁদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি তাঁরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘিলাতলী গ্রামে আসে। ঘরের দরজা ভেঙে তারা দেখতে পায়, মিলি ও দেড় বছরে ছেলে প্রতীকের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। শাড়ি দিয়ে দুজনের গলায় ফাঁস লাগানো। পরে খবর পেয়ে পিন্টু দেব বাড়িতে আসেন।
পিন্টু দেব বলেন, ‘প্রতিদিনের মতো সকালে নাশতা করে কর্মস্থলে গিয়েছিলাম। পরে কী ঘটেছে, কিছুই জানি না। কেন তারা আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।’
মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, এটি আত্মহত্যার ঘটনা।