মাধবপুরে যুবদলের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবদলের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের সাবেক সভাপতি এনায়েত উল্লাহকে আহ্বায়ক ও আবুল বাসারকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মো. শাহজাহান, সামছুল ইসলাম, মাহবুবুর রহমান, হামিদুর রহমান প্রমুখ।এই কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে বিকেল পাঁচটায় মনতলা শাহজালাল কলেজ মিলনায়তনে সংগঠনের জেলা সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও মীর খুরশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক করে পাল্টা কমিটি করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আরমান উদ্দিন, আনোয়ার হোসেন, আবদাল মিয়া, এখলাছুর রহমান প্রমুখ।এনায়েত উল্লাহ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করেছি। সভায় সংগঠনের অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন।’ আনোয়ার হোসেন বলেন, যুবদলকে ধ্বংস করতে বিএনপির স্বার্থান্বেষী কয়েকজন নেতা এনায়েত উল্লাহকে আহ্বায়ক করে কমিটি করেছেন। তাঁরা সংগঠনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করেননি। মাধবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, এনায়েত উল্লাহর কমিটির বৈধতা রয়েছে।