মাধবপুরে যুবদলের পাল্টাপাল্টি কমিটি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবদলের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে এনায়েত উল্লাকে সভাপতি, কবির আহম্মদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি করা হয়। একই দিন উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে আনোয়ার হোসেন বেলালকে সভাপতি, আবদুর রউফকে সাধারণ সম্পাদক ও কালা মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে পাল্টা কমিটি করা হয়।পাল্টা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রউফ বলেন, ‘আমি দীর্ঘদিন যুবদলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কিন্তু একটি মহল আমাকে যুবদল থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। তাই সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পাল্টা কমিটি করেছি।’বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত কমিটির সভাপতি এনায়েত উল্লা বলেন, ‘আমরা কাউকে বাদ দিয়ে কমিটি গঠন করিনি। যুবদলের সবাইকে দাওয়াত দিয়েই কাউন্সিল করেছি। কেউ যদি না আসেন, তাহলে আমাদের কিছুই করার নেই।’