মাধবপুরে শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মিজানুর রহমান নামের ওই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছে। রহস্য উদ্ঘাটনে তারা স্থানীয় ছয়জন শিশু এবং একজন নারীকে আটক করেছে। মিজানুরের বাবা মনা মিয়া জানান, মিজানুর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। বুধবার সন্ধ্যা থেকে বাড়ির পাশের মসজিদে ওয়াজ মাহফিল হচ্ছিল। ওইদিন সন্ধ্যায় প্রতিবেশী কয়েক শিশু মিজানুরকে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নেয়। রাতে সে আর বাসায় ফেরেনি। পরদিন (গতকাল) সকালে বাড়ির পাশের একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ জুনায়েদ, নাঈমুর রহমান, শাকিল, আল আমিন, জসিম ও ফুরকান নামের ছয় শিশু ও সাফিয়া খাতুন নামের এক নারীকে আটক করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাছেদ প্রথম আলোকে বলেন, রহস্য উদ্ঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।