মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর এলাকায় গতকাল বুধবার একটি ট্রাকের সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় ব্যক্তিগত গাড়ির চালক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে ইউনুছ মিয়া (৪৫) ও রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের খলিল মিয়ার ছেলে বক্কর মিয়া (২৮)।
পুলিশ জানায়, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক মীরনগরে পৌঁছালে এর চাকা ফেটে যায়। পরে সড়কে দাঁড়িয়েই ট্রাকটির চাকা পরিবর্তনের চেষ্টা চলে। এ সময় পেছন থেকে আসা ব্যক্তিগত গাড়ি ট্রাকটিকে সজোরে ধক্কা দেয়। তখন ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা ইউনুছ মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বক্কর মিয়া মারা যান।