হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের এক পক্ষকে স্থানীয় সাংসদ মাহবুব আলীর সমর্থনপুষ্ট বলে অভিযোগ উঠেছে। তাঁর দলের লোকজনই এ অভিযোগ করেছেন। ওই দ্বন্দ্বে জোড়া খুনের ঘটনা ঘটেছে।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ধর্মঘর জলমহাল ইজারা দিতে স্থানীয় প্রশাসন ১৩ এপ্রিল দরপত্র আহ্বান করে। এ জলমহাল পাওয়া নিয়ে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী মিছবাহ উদ্দিন, তাজুল ইসলাম ও হাবিবুর রহমানের দ্বন্দ্ব দেখা দেয়। তাঁরা ধর্মঘর মৎস্যজীবী সমবায় সমিতির নামে দরপত্রে অংশ নিলে তাতে বাধা দেন ফরিদ। তবে সমিতির লোকজন বাধা উপেক্ষা করে কৌশলে দরপত্র জমা দেন এবং জলমহালের ইজারা পেয়েও যান। এ ক্ষোভে ওই দিন রাতে ফরিদ ও জসিমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক ধর্মঘর বাজারে একটি চায়ের স্টলে প্রতিপক্ষ লোকজনের ওপর হামলা চালান। এ হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান স্থানীয় কলেজছাত্র সোহেল মিয়া (২৫) এবং আহত হন আরও ২০ জন। এ ঘটনার দেড় ঘণ্টা পর কালা মিয়া নামের এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কালা মিয়া ফরিদের সমর্থক হিসেবে পরিচিত। তবে এলাকাবাসীর দাবি, পরের হত্যাকাণ্ডটি নিজেরাই ঘটিয়ে পাল্টা মামলা করেছেন ফরিদ ও তাঁর লোকজন।
অভিযোগ উঠেছে, ওই দরপত্রে ফরিদ সোনাই মৎস্যজীবী সমবায় সমিতির (নিবন্ধন নম্বর ১৪৬১) নাম ব্যবহার করেন। এ সমিতির নিবন্ধনের জন্য তিনি ৭ এপ্রিল জেলা সমবায় কার্যালয়ে আবেদন করেন। ওই দিনই তাঁকে এ নামে নিবন্ধন দেওয়া হয়।
মিছবাহ উদ্দিন জানান, সাংসদ মাহবুব আলীর সুপারিশে এক দিনের ভেতরে ওই সমিতিকে এই নিবন্ধন দেওয়া হয়। এ ছাড়া, ফরিদ সাংসদের নাম ভাঙাচ্ছেন।
ধর্মঘর মৎস্যজীবী সমিতির লোকজন দাবি করেন, সাংসদ মাহবুবের বড় ভাই জেলা আইনজীবী সমিতির সদস্য ফজলে আলীকে ২৫ শতাংশ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিমকে আরও ২৫ শতাংশ জলমহালের অংশ দেওয়ার প্রতিশ্রুতিতে তাঁরা ফরিদকে সমর্থন দেন। তাঁদের আশ্রয়-প্রশ্রয়েই ফরিদ প্রভাবশালী হয়ে উঠেছেন। তবে ফজলে আলী ও শাহ মো. মুসলিম তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
নিবন্ধনের বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন এক দিনে আবেদন ও নিবন্ধন দেওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চাপ আবার সাংসদ মাহবুব আলীর ব্যক্তিগত সহকারী বারবার খোঁজ নিচ্ছিলেন এ নিবন্ধন দেওয়া হয়েছে কি না। এ কারণে ওই সমিতিকে এক দিনে নিবন্ধন দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাংসদ মো. মাহবুব আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
তবে ১৫ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় ওই সাংসদ বলেছেন, উৎসাহী কিছু লোকজন জলমহাল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন।
এসব বিষয়ে সাংসদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সঠিক নয়। যাঁরা অভিযোগ করছেন, তাঁরাই জলমহালের ইজারা পেয়েছেন। আমি পক্ষপাতিত্ব করলে তাঁরা ইজারা পেতেন না।’