মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইতালির পর্যটকসহ নিহত ৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে গতকাল শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় একজন ইতালীয় পর্যটকসহ পাঁচজন নিহত হয়েছেন। এঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। ইতালির দুই পর্যটক বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ইতালীয় নাগরিক প্রান্সিসকো মারিয়া (৪০), মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের আমির আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৩৭), মেয়ে পান্না বেগম (৭), ছেলে কালা মিয়া (৫) ও তাদের আত্মীয় ব্রাহ্মণবাড়িয়ার হাজীপুর গ্রামের হাছন আলীর মেয়ে খাদিজা বেগম (৭)।আহত ব্যক্তিরা হলেন প্রাইভেটকার আরোহী প্রান্সিসকো মারিয়ার বান্ধবী ম্যানুয়ালা (৩০), ঢাকার অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশন লিমিটেডের প্রধান প্রকৌশলী (বিদ্যুত্) সাইদুল হক ফকির (৪৫) ও গাড়িচালক মিজান মিয়া (৩৫)। তাঁদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি ঘটলে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকার কোম্পানি বাংলা নামক স্থানে গতকাল সন্ধ্যায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এ সময় রাস্তায় বাসের জন্য অপেক্ষমাণ রেজিয়া খাতুন, মেয়ে পান্না, ছেলে কালা মিয়া ও তাঁদের আত্মীয় খাদিজা গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই গাড়িতে থাকা ইতালিয়ান পর্যটক মারিয়া এবং পান্না, কালা মিয়া ও খাদিজা মারা যায়। খবর পেয়ে মাধবপুর ফায়াস সার্ভিসের একদল কর্মী ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন। রেজিয়া খাতুন মারা যান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। জানা গেছে, গাড়িটি চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ঢাকা ফিরছিল। ইতালিয়ান দুই পর্যটক গত বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।