মাধবপুরে সড়কের পাশ থেকে ১৮টি গাছ কর্তন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কমলপুর-গোপীনাথপুর সড়কের পাশ থেকে ১৮টি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার ইবাদুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইবাদুর উপজেলার কমলপুর গ্রামের আলফু মিয়ার ছেলে।
এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর-গোপীনাথপুর সড়কের দুপাশে সরকারি উদ্যোগে কয়েক বছর আগে আকাশি, বেলজিয়ামসহ নানা জাতের শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। বর্তমানে এসব গাছ বেশ বড় হয়ে গেছে।
গত শনিবার ভোরে সড়কের কমলপুর এলাকায় ইবাদুরের নেতৃত্বে ১০-১২ জন শ্রমিক গাছ কাটা শুরু করেন। ওই দিন তাঁরা ১৮টি গাছ কেটে ফেলেন। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুখলেছুর রহমানের কাছে অভিযোগ করেন। ইউএনও বিষয়টি তদন্ত করে এর সত্যতা খুঁজে পান। পরে তিনি বিষয়টি মাধবপুর থানা-পুলিশকে জানান।
গতকাল সকালে উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কয়েকজন গাছগুলো যানবাহনে ওঠানোর চেষ্টা করছিলেন। পুলিশ দেখে তাঁরা পালিয়ে যান। পরে কাটা গাছগুলো জব্দ করে থানায় আনা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, পুলিশ আসার খবর পেয়ে ইবাদুর রহমান পালিয়ে গেছেন। এ বিষয়ে জানতে ইবাদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন, গাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ইবাদুরকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।