হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত বুধবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।র্যাবের ভাষ্যমতে, নিহত আবদুল হাকিম ওরফে ফেন্সি হাকিম্যা দীর্ঘদিন ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করেছেন। তাঁর বাড়ি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে।হাকিমের বোন ও উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহেদা বেগম প্রথম আলোকে জানান, ‘আমার ভাইকে র্যাব মারে নাই, মেরেছে সন্ত্রাসীরা।’র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দুইটা ৩৫ মিনিটে ওই ক্যাম্পের একটি টহল দল বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি হোটেলের পেছনে হাকিমসহ আট থেকে ১০ জন লোককে দেখতে পায়। র্যাবের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। হাকিমের লোকজন র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। ১৫ মিনিট উভয় পক্ষের মধ্যে ৪০টি গুলি বিনিময় হয়। এ সময় হাকিমের বুকে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। র্যাবের সদস্যরা তখন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার দেন। স্থানীয় লোকজন গুলির শব্দ ও চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে।খবর পেয়ে রাতেই মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে হাকিমের লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাউসার মাহমুদ প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহূত তিনটি তাজা গুলিসহ একটি রিভলবার, দুটি গুলির খোসা, একটি রামদা, একটি চাকু, ১০০ বোতল মদ, ৫০ বোতল ফেনসিডিল ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। হাকিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ১৩টি মামলা রয়েছে।এলাকাবাসী ও মাধবপুর থানার পুলিশ জানায়, ২০০৯ সালের ২৫ জানুয়ারি মাধবপুর থানার পুলিশ হাকিমকে আটক করলে তাঁর সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেয়। ওই বছরের ২ এপ্রিল শ্রীমঙ্গল ক্যাম্পের র্যাবের সদস্যরা একটি রিভলবারসহ হাকিম ও তাঁর সহযোগী ইটাখোলার জুয়েলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে র্যাব।হাকিমের স্ত্রী নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, র্যাবের করা মামলায় জেলহাজতে থাকার পর এক বছর ধরে হাকিম জামিনে ছিলেন। গত বুধবার সিলেট আদালতে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারকাজ শুরুর আগে হাকিম প্রস্রাব করার কথা বলে আদালত থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। তিনি অভিযোগ করে বলেন, হাকিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছামাদ জানান, বন্দুকযুদ্ধে নিহত হওয়া, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের উপসহকারী পরিচালক বিপ্লব কুমার রায় থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা করেছেন।